জনপ্রশাসন মন্ত্রণালয় ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট গত ১৫ বছরে অবসরে যাওয়া পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের আবেদনের জন্য আহ্বান জানিয়েছে। এতে বলা হয়েছে, পদোন্নতিবঞ্চিত যেসব ক্যাডার রয়েছেন তাদের ১৬ জুনের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার (২৫ মে) প্রকাশিত হয় এই বিজ্ঞপ্তি। তবে বিসিএস (প্রশাসন) ক্যাডার ছাড়া যেসব ক্যাডারে তৃতীয় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে তারা আবেদন করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্টের মধ্যে চাকরিতে নানাবিধ বঞ্চনার শিকার হয়ে নিজ নিজ ক্যাডারে পদোন্নতি না পেয়ে যারা অবসরে গিয়েছেন, আগামী ১৬ জুন ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে তাদের আবেদন জমা দিতে হবে।
এছাড়াও আবেদনপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা বিভাগে নির্ধারিত ছক অনুযায়ী দাখিল করতে হবে। ছকটি বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত থাকবে।
উল্লেখ্য, পূর্বে যারা আবেদন জমা দিয়েছেন, পুনরায় তাদের আবেদনের আর প্রয়োজন নেই।